দ. আফ্রিকাকে ৩১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৯:০৪ পিএম

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীর ফিফটিতে ৭ উইকেটে ৩১৪ রান করেছে টাইগাররা।

যা ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। গত ওয়ানডে বিশ্বকাপে ওভালে দ. আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান করেছিল বাংলাদেশ। দ. আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আগেরটি ছিল ৭ উইকেটে ২৭৮, কিম্বারলিতে। তবে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে কখনো জেতেনি বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ঝুঁকিটা নেন দ. আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সাবধানী শুরুর প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারে টাইগাররা করে ৩৩ রান। তবে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। দুজনে গড়েন ৯৫ রানের জুটি। আগের রেকর্ডটি ছিল ৪৬ রানের। ২০০৮ সালে সেবার তামিমের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস।

ব্যক্তিগত ৪১ রানে অধিনায়ক তামিম ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন লিটন (৫০)। স্লগ-সুইপ করতে গিয়ে ফেরেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তবে সেই ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান ও ইয়াসির আলী।

দুজনে ৮২ বলে গড়েন ১১৫ রানের জুটি। সাকিব ৬৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৭৭ রান করে ফেরার আগে পান ৫০তম ফিফটি। এরপর তিন বলের ব্যবধানে বিদায় নেন ইয়াসিরও। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পেয়েছেন তিনি। ৪৪ চলে ৪ চার ও ২ ছয়ে ৫০ করেন ইয়াসির।

ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ১৭ রানে ফেরেন আফিফ হোসেন। ১৭ বলে ২৫ ক্যামিও উপহার দেন মাহমুদউল্লাহ। এরপর মেহেদি হাসান মিরাজ (১৯) ও তাসকিনের আহমেদের (৭) ব্যাটে তিনশ’ পেরোনো সংগ্রহ পায় বাংলাদেশ। দ. আফ্রিকার হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন মার্কো জানসেন ও আন্দিলে ফেহলুকায়ো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত