দ. আফ্রিকায় সিরিজ জয়ের দিকে চোখ বাংলাদেশের

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:১৬ পিএম

বাংলাদেশের বছরের শুরুটা হয়েছিল দারুণভাবে। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে এক অপেক্ষারও ইতি টেনেছিল টাইগাররা।

কিউইদের বিপক্ষে তাদেরই মাঠে তিন ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মতো জয়ের দেখা পায় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে যে অসাধ্যকে সাধন করেছিল, তার আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকাও জয় করল টাইগাররা।

দ. আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো প্রোটিয়াদের তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছে সফরকারীরা। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

দ. আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে গত ২০ বছরে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও জয় বঞ্চিত ছিল টাইগাররা। এবার ঘুচল সেই অপেক্ষাও। প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশের এখন চোখ সিরিজ জয়ের দিকে। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে জোহানেসবার্গে। এই ম্যাচ যদি প্রোটিয়াদের হারাতে পারে তবে এক ম্যাচ হাতে রেখে আরেকটি ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবারের মতো দ. আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। সেই লক্ষ্যকেই এখন পাখির চোখ করেছেন তামিম-সাকিব আল হাসানরা।

সিরিজের প্রথম ওয়ানেডেতে তিন ফিফটিতে তিনশ’ পেরোনো স্কোর পায় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে ফিফটি করেছেন লিটন দাস, সাকিব ও ইয়াসির আলী। এরপর বোলিংয়ে ঝড় তোলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজরা। দলীয় নৈপুণ্যে দুর্দান্ত জয়ের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভবনা বাংলাদেশের।

জোহানেসবার্গের উইকেট হাতে পারে স্পিন-সহায়ক। আর তার জন্য দ. আফ্রিকার একাদশে ফিরতে পারেন স্পিনার তাবরাইজ শামসি। ঘরের মাঠে সিরিজ হারের লজ্জায় পড়তে না হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততে হবে প্রোটিয়াদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত