মাগুরার শ্রীপুরে জঙ্গল থেকে স্কুলছাত্রীর গলাকাটা, গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালকের গলাকাটা, পিরোজপুর পৌরসভার রাজারহাটে পুকুর থেকে গৃহবধূর, নীলফামারীতে রেললাইন থেকে তরুণের কাটা এবং কক্সবাজার টেকনাফে পাহাড়ের পাদদেশে এক রাখালের গলাকাটা লাশ পাওয়া গেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
মাগুরা : শ্রীপুরে রাজিয়া খাতুন নামে (১৩) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার শ্রীকোল বাজারসংলগ্ন কুমার নদের তীরবর্তী জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মিখিজ আলী শেখের মেয়ে এবং শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। নিহত রাজিয়ার মা ছবিরন নেছা জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির পার্শ্ববর্তী কুমার নদের চরে পেঁয়াজক্ষেত দেখতে গিয়ে আর ফিরে আসেনি।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে হাত-পা ও মুখ বেঁধে মনিরুল ইসলাম (২৩) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে লাশ একটি নির্জন স্থানে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মনিরুল সিরাজগঞ্জের বেলকুচি থানার দুলদিয়া এলাকার কাঙ্গাল প্রামাণিকের ছেলে।
পিরোজপুর : পৌরসভার রাজারহাট এলাকার একটি পুকুর থেকে প্রিয়াঙ্কা দাস (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজারহাট মহল্লার নুরু খানের পুকুর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত প্রিয়াঙ্কা রাজারহাট এলাকার লিটন সাহার স্ত্রী।
নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর রেলপথের সদর উপজেলার মনষাপাড়া গ্রামের বউবাজার নামক স্থান থেকে লিমন হোসেন (২৮) নামে এক যুবকের কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত লিমন একই গ্রামের নূর উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, সকালে রেললাইনের ওপর তার কাটা লাশ দেখতে পাওয়া যায়।
টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে আবছার নামে এক রাখালের গলাকাটা লাশ পাওয়া গেছে। উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকার বাসিন্দা আবদুল গফুরের ছেলে আবছার ওই পাহাড়ে মহিষ চড়াতেন। গত শুক্রবার বেলা ১১টার দিকে পাহাড়ের পাদদেশে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
