এরশাদের ৯২তম জন্মদিন

পল্লীবন্ধু পদক পাচ্ছেন আট বিশিষ্ট ব্যক্তি

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৭:০৩ এএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন আজ রবিবার। ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম জেলার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এই সাবেক সেনাপ্রধান এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য। ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জীবদ্দশায় দেশের রাজনীতিতে নানা কারণে বেশ আলোচিত ছিলেন এরশাদ। ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রক্ষমতায় আসেন। ১৯৮৬ সালে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন। বিরোধী দলের লাগাতার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন। এরপর গ্রেপ্তার হয়ে ছয় বছর কারাবন্দি ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি, ছেলে সাদ এরশাদ ও সাবেক স্ত্রী বিদিশা আলাদা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পল্লীবন্ধু পদক প্রদান, স্মরণসভা ও দোয়া মাহফিল।

পল্লীবন্ধু পদক আজ : এরশাদের স্মৃতিরক্ষায় প্রতি বছর তার জন্মদিনে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। আজ প্রথমবারের মতো সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে স্বাস্থ্য, সাহিত্য, কৃষি, সংগীত, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া এবং শিল্প খাতে অবদান রাখার জন্য দেশের আট ব্যক্তিকে এই পদক দেওয়া হবে। এবার যারা পদক পাচ্ছেন স্বাস্থ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে কবি ফজল শাহাবুদ্দিন (মরণোত্তর), কৃষিতে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), ক্রীড়ায় গোলাম সারওয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল।

আলাদা কর্মসূচি: এরশাদের জন্মদিনে আলাদা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এরশাদের ছেলে রংপুর-৩ সদর আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগির আল মাহি সাদ (সাদ এরশাদ)। কর্মসূচির মধ্যে রয়েছে রংপুর সদর আসনের পুরো এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানার প্রদর্শন, সকাল সাড়ে ৯টায় রংপুরে পল্লীনিবাসে এরশাদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, বাদ জোহর সদর আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ।

গতকাল থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভার্চুয়ালি এক বিবৃতির মাধ্যমে সাদ এরশাদ এসব কর্মসূচি পালনের জন্য রংপুর-৩ সদর আসনের অন্তর্ভুক্ত উপজেলা সদর, সব ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

এরশাদের জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’র ব্যানারে শোভাযাত্রা করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। শোভাযাত্রায় বিদিশা একটি হুডখোলা গাড়িতে ছিলেন। এ ছাড়া বেশ কিছু পিকআপ ভ্যান, মোটরসাইকেলে করে নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা চলাকালে পুরো সময় গাড়ি থেকে হাত নেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের শুভেচ্ছা জানান বিদিশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত