যুদ্ধ ও মহামারীর মধ্যে সুখের খবর দিয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’, যাকে এ দুঃসময়ের উজ্জ্বল আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। জাতিসংঘের এই রিপোর্ট অনুযায়ী, গত বছর বাংলাদেশের মানুষের সুখ বেড়েছে।
২০ মার্চ বিশ্বসুখ দিবস সামনে রেখে গত শুক্রবার ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশ করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক-এসডিএসএন। এই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অগ্রগতি হয়েছে সাত ধাপ।
এই প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারী শুরু কষ্ট আর দুর্ভোগই নিয়ে আসেনি, একইসঙ্গে সামাজিক সহায়তা ও বদান্যতাও বাড়িয়েছে। আমরা যখন রোগ-যন্ত্রণা ও যুদ্ধের বিরুদ্ধে লড়াই করছি তখন এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে সুখ ও গুরুতর প্রয়োজনে একে অন্যের সহায়তা পাওয়ার জন্য সব মানুষের সক্ষমতা অর্জন সর্বজনীন আকাক্সক্ষা।
এবার নিয়ে দশম বারের মতো ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ দিয়েছে জাতিসংঘ। বিশে^র ১৫০টির বেশি দেশের মানুষ তাদের জীবনকে কীভাবে মূল্যায়ন করে তার বৈশি^ক জরিপের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০১২ সাল থেকে জাতিসংঘ দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা, কাক্সিক্ষত গড় আয়ু, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, মানবিকতা, দুর্নীতির ধারণা এবং সার্বিক দুর্দশাÑ এই সাতটি মানদ-ের ভিত্তিতে বিচার করে মানুষ কতটা সুখে আছে তা খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।
১০ পয়েন্টের সূচকের ভিত্তিতে সুখী দেশের এই তালিকাটি করা হয়েছে। বাংলাদেশ আগের বছর ৫ দশমিক ০২৫ পয়েন্ট নিয়ে ১৪৯টি দেশের মধ্যে ১০১তম অবস্থানে ছিল। এবার পয়েন্ট বেড়ে হয়েছে ৫ দশমিক ১৫৫।
সুখী দেশের এই তালিকায় গত পাঁচ বছর ধরেই প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ বছর ৭ দশমিক ৮২১ পয়েন্ট পেয়েছে দেশটি। শীর্ষ দশের পরের ৯টি দেশ হলো ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।
পাঁচ পরাশক্তির মধ্যে যুক্তরাষ্ট্র আছে ১৬তম স্থানে। তারপরেই আছে যুক্তরাজ্য। চীনের অবস্থান ৭২তম। তালিকার ২০তম স্থানে রয়েছে ফ্রান্স। আর রাশিয়া রয়েছে ৮০তম স্থানে।
সম্প্রতি যে দেশে রাশিয়া আগ্রাসন চালিয়েছে সেই ইউক্রেনের মানুষ গত বছর বাংলাদেশের মানুষের চেয়ে কম সুখে ছিল। তাদের অবস্থান ৯৮তম।
সূচকে ২ দশমিক ৪০৪ পয়েন্ট নিয়ে এ তালিকার সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান, মহামারীর মধ্যেই গত বছর যারা তালেবানি শাসনে ফিরেছে। দেশটি আছে তালিকার ১৪৬তম স্থানে। একেবারে অসুখী পাঁচ দেশের মধ্যে অন্য চারটি দেশ হলো বতসোয়ানা, রুয়ান্ডা, জিম্বাবুয়ে ও লেবানন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি সুখে আছে কেবল নেপাল। দেশটি পেয়েছে ৫ দশমিক ৩৭৭ পয়েন্ট। তালিকায় পাকিস্তান ১২১তম (৪ দশমিক ৫১৬), মিয়ানমার ১২৬তম (৪ দশমিক ৩৯৪), শ্রীলঙ্কা ১২৭তম (৪ দশমিক ৩৬২) ও ভারত ১৩৬তম (৩ দশমিক ৭৭৭) অবস্থানে রয়েছে।
এবারের প্রতিবেদনের অন্যতম লেখক জন হেলিওয়েল বলছেন, মহামারীর মধ্যে বিশে^ উদারতার তিনটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। ২০২১ সালে দাতব্য কর্মকাণ্ড, অচেনা মানুষকে সহায়তা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড বেড়েছে মহামারীর আগের সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ।
২০২১ সালের প্রতিবেদনে দেখা গিয়েছিল, মানুষের দুশ্চিন্তা আর মানসিক চাপ মহামারীর আগের তুলনায় ৮ শতাংশ বেড়েছিল। আর এবারের প্রতিবেদনে তা নেমে এসেছে ৪ শতাংশে।
