রাজধানীর ওয়ারীতে ইসকনের রাধাকান্ত জিউ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল শনিবার সংগঠনের নেতাদের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরেই স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে, যার ধারাবাহিকতায় গত ১৭ মার্চ (২০২২) রাজধানীর ওয়ারীতে ইসকনের রাধাকান্ত জিউ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মন্দিরের পুরোহিতদের মারধর করে ও লুটপাট চালায় হামলাকারীরা।
বিবৃতিতে ইসকন মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠনের জোর দাবি জানানো হয়।
