ভাবতেই শিহরিত হচ্ছি

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৫৩ পিএম

মোমেনা চৌধুরীর একক অভিনীত নাটক ‘লাল জমিন’-এর ৩০০তম প্রদর্শনী হতে যাচ্ছে আগামীকাল। এ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

লাল জমিন...

মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মুক্তিযুদ্ধের সময় এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভয়ানক সব ঘটনা নিয়ে নাটকের গল্প। কিশোরীর সাদা ধবধবে জমিন, যুদ্ধের নয় মাসে কী করে একটা ‘লাল জমিন’ হয়ে ওঠে, তা নিয়েই এ নাটক। এটি আমার একক অভিনীত নাটক।

সফলতা...

আগামীকাল লাল জমিনের ৩০০তম শো হবে মহিলা সমিতি মঞ্চে। ভাবতেই শিহরিত হচ্ছি। একজন শিল্পীর এক জনমে একটি নাটক নিয়ে দেশের ৬৪টি জেলায় ঘোরা, মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়া আর অজস্র মানুষের ভালোবাসাপ্রাপ্তির চেয়ে আর কী চাওয়ার থাকতে পারে। যদিও করোনার উপদ্রব শুরু না হলে আরও অনেক আগে এই মাইলফলক অতিক্রম করত। এরমধ্যে অনেক শো বাতিল করতে হয়েছে। তারপরও এত কম সময়ে একটি নাটকের ৩০০তম প্রদর্শনীর ঘটনা বিরল। এই নাটকের সার্থকতা শুধু শো সংখ্যা নয়। ‘লাল জমিন’-এর মাধ্যমে আমার দেশপ্রেম ও নাগরিক দায়িত্ব পালন করেছি। আমাদের সবচেয়ে বড় অর্জন যে মুক্তিযুদ্ধ সেই অধ্যায়কে উজ্জ¦লভাবে উপস্থাপন করতে পেরেছি। সবচেয়ে ভালো লাগে, যখন দেখি এই নাটকের দর্শক রিপিট হয়। অর্থাৎ একই দর্শক একাধিকবার নাটকটি দেখতে আসেন। জামালউদ্দিন আকাশ নামের চট্টগ্রামের একজন দর্শক আছেন, যিনি লাল জমিনের প্রায় দশটি শো দেখেছেন।

একক অভিনয়...

মঞ্চে অভিনয়ের জন্য প্রচুর অনুশীলন করতে হয়। আর এটি তো আমার একক পারফরমেন্স। তাই চর্চাটা অনেক বেশি করতে হয়। এক ধরনের বাড়তি দায়িত্ববোধ মাথায় ভর করে। কারণ আমি ভালো না করলে শোটি সফল হবে না। প্রতিবার মঞ্চে উঠি এক ধরনের চাপা উৎকণ্ঠা আর উত্তেজনা নিয়ে। আর প্রতিবারই শো শেষে দর্শকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হই। ‘লাল জমিন’ দেশের একক অভিনীত নাটকের ক্ষেত্রে অনন্য উদাহরণ হয়ে থাকবে, এটা ভাবতে ভালো লাগে। আমার একক অভিনয় দেখে আমার প্রজন্মের কয়েকজন শিল্পী মঞ্চে একক নাটক নিয়ে এসেছেন। এগুলো আমাকে খুব আনন্দ দেয়।

শোবিজের ব্যস্ততা ...

থিয়েটারে সময় দিতে গিয়ে খুব বেশি কাজ করতে পারি না টেলিভিশন বা সিনেমায়। সম্প্রতি মুক্তি পেয়েছে আমার অভিনীত রুবাইয়াত হোসেনের সিনেমা ‘শিমু’। মুক্তির অপেক্ষায় আছে কৌশিক শঙ্কর দাসের সিনেমা ‘পাঞ্চ’। এতে আরও অভিনয় করছেন নিলয় ও মেঘলা। এছাড়া অনুদানের সিনেমা ও টিভি নাটকে অল্প বিস্তর কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত