চীনে ১৩৩ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি। গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই সংবাদ জানায়। প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। সিসিটিভি জানিয়েছে, এরই মধ্যে একাধিক উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বলে জানা গেছে।
ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুযায়ী, পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ উড়োজাহাজটির অবস্থান ‘অজ্ঞাত’ দেখায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং ছেড়ে আসার পর উড়োজাহাজটি তার নির্ধারিত গন্তব্য গুয়ানঝোউতে পৌঁছায়নি। যোগাযোগ করেও ইস্টার্ন এয়ারলাইনসের কোনো বক্তব্য পায়নি এএফপি।
চীনের এয়ারলাইন শিল্পের নিরাপত্তা ব্যবস্থাকে খুব উন্নত মানের হিসেবে বিবেচনা করা হয়। গত এক দশক ধরে এক্ষেত্রে দেশটিকে বিশ্বের সেরাদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনে সবশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। ইচুন বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।
