দেশব্যাপী এক দিনে ১ কোটি টিকাদান কর্মসূচির ২য় রাউন্ড সারা দেশে ২৮ মার্চ শুরু হবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। এমনকি ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের পর ৪ মাস অতিবাহিত হয়েছে, তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে সম্মুখসারীর যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দেওয়া হবে।
গতকাল সোমবার কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ নির্দেশনা দেন।
এ নির্দেশনায় বলা হয়, ইতিমধ্যেই এ বছরের গত ২৬-২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী এক দিনে ১ কোটি টিকাদান কর্মসূচির ১ম রাউন্ড সফলভাবে শেষ হয়েছে। ১ম রাউন্ডে ১ম ডোজ টিকা গ্রহণকারী সবাইকে আগের কেন্দ্র থেকে ২য় ডোজ টিকা প্রদান করতে হবে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এ ছাড়া ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে। শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর ২ মাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে। ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যারা এখনো ১ম ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের এই ক্যাম্পেইন চলাকালে ১ম ভোজ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, প্রাপ্যতা অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে হবে।
নির্দেশনায় বলা হয়, স্থানীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়ে ২য় রাউন্ড কার্যক্রম সফল করতে হবে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন অংশীজনের সহযোগিতায় আসন্ন এক দিনে ১ কোটি ক্যাম্পেইনের ২য় রাউন্ড কার্যক্রম সাফল্যম-িত করতে সহায়তা কামনা করেন।
