পুলিশ এভিয়েশনে নারীসহ চার এএসপি পাইলট

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৬:৫৯ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, এভিয়েশন উইং চালুর ফলে বাংলাদেশ পুলিশ ত্রিমাত্রিক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে। পুলিশের নবগঠিত এভিয়েশন উইং দুর্গম অঞ্চলে দ্রুত যোগাযোগ, গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা, তল্লাশি অভিযান এবং উদ্ধার কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে। পুলিশের এভিয়েশন উইং চালুর অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আই কে এম মোস্তাহসিনুল বাকীর নেতৃত্বে আর্মি এভিয়েশন স্কুলের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি। 

আর্মি এভিয়েশন স্কুলে এভিয়েশন বেসিক কোর্সে বিভিন্ন বাহিনীর ১০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তারমধ্যে চারজন পুলিশের। ইতিমধ্যে তারা তাদের একক উড্ডয়ন সফলভাবে শেষ করেছেন। তারা পাইলট হিসেবে পুলিশের এভিয়েশন উইংয়ে যোগ  দেবেন।

অনুষ্ঠানে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী বক্তব্য রাখেন। প্রশিক্ষণের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরে নিজের অনুভূতি ব্যক্ত করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাতেমা তুজ জোহরা। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত