অস্ট্রেলিয়ার ৩৯১ রানের জবাবে ভালো শুরু পাকিস্তানের

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৯:৫৭ পিএম

লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩৯১ রানে থামার পর আব্দুল্লাহ শফিক ও আজহার আলির ব্যাটে পাকিস্তান দারুণ জবাব দিচ্ছে।

যদিও দলীয় ২০ রানে ফিরেছিলেন ওপেনার ইমাম-উল-হক। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দিয়েছেন শফিক ও আজহার।

সোমবার ৩৯ ওভারে ১ উইকেটে ৯০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিক দল। অস্ট্রেলিয়া অবশ্য এখনো ৩০১ রানে এগিয়ে।

শফিক ৪৫ ও আজহার ৩০ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ব্যাটে চার শ ছোঁয়া পুঁজি গড়ে অস্ট্রেলিয়া।

আগের দিনের ৫ উইকেটে ২৩২ রান নিয়ে নতুন দিন শুরু করেছিল অজিরা। ৮ রানে দিন শুরু করা ক্যারি ৬৭ রানের ইনিংস উপহার দিয়েছেন। ২০ রানে দিন শুরু করা গ্রিন থামেন ৭৯ রানের ইনিংস খেলে। ষষ্ঠ উইকেটে এই দুজন যোগ করেছেন ১৩৫ রান।

ক্যারিকে ফেরান নুমান আলি। গ্রিনকে ফেরান নাসিম শাহ। অজিরা ৫০ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায়।

শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ সর্বাধিক ৪টি করে উইকেট নেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত