একনেকে ১৫ হাজার ৭৪৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

আপডেট : ২২ মার্চ ২০২২, ১১:২৮ পিএম

কভিড-১৯ মহামারীর ক্ষতি পুষিয়ে নেওয়া ও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ২ হাজার ৫৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১২তম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, সভায় আনুমানিক ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি নতুন ও ১টি সংশোধিত প্রকল্প। ব্যয়ের ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা দেবে সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে আসবে ১ কোটি ২০ লাখ টাকা এবং বাকি ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা প্রকল্প সহায়তা থেকে পাওয়া যাবে।’

জানা গেছে, প্রকল্পের অধীন বাজারগুলোতে টয়লেট নির্মাণ, কবরস্থান নির্মাণ, সমাধিস্থান নির্মাণ এবং নির্ধারিত সিটি করপোরেশন ও পৌরসভা পরিচালিত স্কুল এবং এসব প্রতিষ্ঠানে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হবে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়ন, স্থানীয় অর্থনীতি পুনরুদ্ধার এবং জলবায়ুর প্রভাবজনিত কারণ, সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ভবিষ্যতে সংক্রমিত রোগ নিয়ন্ত্রণে রাখতে প্রকল্প থেকে বার্ষিক ভিত্তিতে অর্থ বরাদ্দ পাবে।

বিশ্বব্যাংক কর্মকর্তারা বলেন, প্রকল্পের অর্থ দিয়ে স্থানীয় নগর কাঠামোগুলো হাতধোয়া কেন্দ্র ও টয়লেট স্থাপন করবে এবং পৌরসভা মালিকানাধীন অথবা পরিচালিত বাজার, কবরস্থান উন্নয়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত