সাংবাদিকদের ফখরুল

ইসির আমন্ত্রণে বিশিষ্টজনদের আগ্রহ নেই

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:০৪ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আমন্ত্রিত অতিথিদের অনুপস্থিতি প্রমাণ করে এই ইসি নিয়ে দেশের বিশিষ্টজনদের কোনো আগ্রহ নেই।’ গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিশিষ্টজনদের সঙ্গে ইসির ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় ধাপ ছিল গতকাল সকালে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩৯ জনকে। তবে তাতে অংশ নেন ১৫ জন।

অর্ধেকেরও কম বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ইসির সঙ্গে সংলাপে বিএনপি আগ্রহী নয়। কারণ দেশের জনগণের মতো বিএনপি নেতাকর্মীরা মনে করে যত ভালো ইসিই হোক না কেন, তার পক্ষে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়, যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি যখন ইসি গঠনের প্রক্রিয়া শুরু করে তখন থেকে আমরা বলেছি ইসি গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। কারণ আমাদের অতীত অভিজ্ঞতায় নির্বাচনকালীন কী ধরনের সরকার থাকবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। গত দুই-তিনটা নির্বাচনে, একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অভিজ্ঞতা হয়েছে যে, সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে কোনো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোকে বিএনপি সমর্থন দেবে না। গ্যাসের দাম বাড়ানো হলে মানুষের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে আমরা আন্দোলন করলাম। সেখানে গ্যাস-পানি-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ছিল, এ আন্দোলন চলমান। আমরা গ্যাস-পানি-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সম্পূর্ণ বিরোধী এবং আমরা মনে করি, এটা গণবিরোধী উদ্যোগ।’

মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ায় হিমশিম খাচ্ছে। আবারও যদি গ্যাস-পানি-বিদ্যুতের দাম বাড়ানো হয়, বিশেষত গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সবকিছু দাম বেড়ে যাবে। এটা ইন্টার লিংকড। আমরা কোনোমতেই এটা সমর্থন করতে পারি না। আমরা নিন্দা জানাই।’

জিয়া পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক এম সলিমুল্লাহ খান, অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত