রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রাঙ্গামাটি ও বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পুলিশ ঘটনার খবর জানতে পারলেও নিশ্চিত করে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
পরিচয় প্রকাশ না করার শর্তে রাঙ্গামাটি জেলা পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টির (এমএলপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের টাইঙ্গাপাড়া থেকে মগ লিবারেশন পার্টির ১২ থেকে ১৫ জনের একটি দল রাজস্থলী উপজেলায় যাচ্ছিল। পথে গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া সড়কের কেচিপাড়া এলাকায় জনসংহতি সমিতির একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ বিষয়ে রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅং প্রু বলেন, গোলাগুলির শব্দ শোনা গেছে রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায়। তিনজনের লাশ পড়ে থাকার খবর শুনেছি। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদাচ্ছের বলেন, ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলটি রাঙ্গামাটি জেলার অতীব দুর্গম একটি এলাকা। খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
মগ লিবারেশন পার্টি মূলত মিয়ানমারের সশস্ত্র দল আরাকান লিবারেশন পার্টির একাংশ। আগে বিভিন্ন নামে কার্যক্রম চালালেও কয়েক বছর ধরে নতুন এই নামে বান্দরবানে আত্মপ্রকাশ করে। এ গ্রুপটি মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলোর সদস্যদের পাশাপাশি বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কিছু সদস্যও আছে। রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় তাদের শক্ত অবস্থান আছে বলে মনে করা হয়।
