চার ধাপ এগিয়ে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের আটে মিরাজ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৪:২৫ পিএম

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে টাইগারদের মনে। সেঞ্চুরিয়নে বাংলাদেশ আজ ইতিহাস গড়তে পারবে কিনা তা সময় বলে দেবে।

এই মাঠে সুখস্মৃতি নিয়েই মাঠে নামছেন তামিম ইকবালরা। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। তবে জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে দ. আফ্রিকা।

সেই ম্যাচ টাইগারদের শুরুর ধাক্কা সামলে সপ্তম উইকেট জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু ম্যাচটি হারে বাংলাদেশ। ব্যাট হাতে ৩৮ রান করার পাশাপাশি ১ উইকেট নেন মিরাজ।

প্রথম ওয়ানডেতেও উজ্জ্বল ছিলেন তিনি। অপরাজিত ১৯ রানের ইনিংস খেলার পর ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন মিরাজ। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে আগের দুই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন ২৪ বছর বয়সী বোলিং অলরাউন্ডার।

সদ্য হালনাগাদ করা আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৩৫ রেটিং নিয়ে ৮ম স্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। এই তালিকায় ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান।

এই বাংলাদেশি অলরাউন্ডারে পরের স্থানে আছেন যথাক্রমে মোহাম্মদ নবী, ক্রিস ওকস, রশিদ খান, মিচেল স্যান্টনার, বেন স্টোকস ও ইমাদ ওয়াসিম। একধাপ অবনমনে ৯ নম্বরে নেমে গেছেন জিমি নিশাম। একধাপ পিছিয়ে যৌথভাবে ১০-এ জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও শন উইলিয়ামস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত