তামিমের ফিফটি, ইতিহাসের খুব কাছে বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৯:২৫ পিএম

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পেয়েছে টাইগাররা।

প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান যোগ করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮১/০। অধিনায়ক তামিম ফিফটি তুলে নিয়েছেন। ৫২ বলে ৫০ রানে অপরাজিত তিনি। লিটন ৩৮ বলে ২৯ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য আর ৭৪ রান চাই টাইগারদের, হাতে ৩৫ ওভার।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয় দিবারাত্রির ম্যাচটি। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিনা উইকেটে ৪৬ রান থেকে ১৫৪ রানে অলআউট হয়েছে তারা। সেটাও ১৩ ওভার বাকি থাকতে।

বাংলাদেশের বিপক্ষে এটি দলটির সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ছিল ১৬২, মিরপুরে ২০১৫ সালে।

কুইন্টন ডি কক ও জানেমান মালানের ৪৬ রানের উদ্বোধনী জুটিটাই প্রোটিয়াদের সর্বোচ্চ। মালান দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন। এ ছাড়া কেশভ মহারাজ ২৮ ও ডোয়াইন প্রিটোরিয়াস ২০ রান করেন।

দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ আগুন ঝরিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। ৯ ওভারে ৩৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতেই পাঁচ উইকেট শিকার করেছিলেন তাসকিন। দ্বিতীয়বার এই কীর্তি গড়তে প্রায় ৮ বছর লাগল তার।

সাকিব ৯ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আরো পড়ুন

তাসকিন তোপে ১৫৪ রানেই অলআউট দ. আফ্রিকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত