সংবাদ সম্মেলনে ঠিকাদার ফোরাম নেতারা

নির্মাণসামগ্রীর দাম ৯ মাসে ৪০ শতাংশ বেড়েছে

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:২৭ এএম

নির্মাণসামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে চট্টগ্রামের অধিকাংশ উন্নয়ন প্রকল্প এখন বন্ধ হওয়ার পথে বলে জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত ঠিকাদার ফোরাম নেতৃবৃন্দ। একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে নির্মাণসামগ্রীর দাম বাড়িয়ে সরকারের চলমান উন্নয়ন কর্মযজ্ঞকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত ঠিকাদার ফোরামের সদস্য সচিব আসাদুজ্জামান টিটু বলেন, চট্টগ্রামে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, গৃহায়ন ও গণপূর্ত বিভাগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, সিটি করপোরেশন, রেলওয়ে, জনস্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। গত নয় মাস ধরে পর্যায়ক্রমে ইট, রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি করেছে একটি অসাধু সিন্ডিকেট। ৯ মাসের ব্যবধানে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। দাম বেড়েছে ইলেক্ট্রনিকস, হার্ডওয়্যার, সেনিটারি পণ্যেরও।  বেড়েছে নির্মাণ শ্রমিকের দৈনিক মজুরি। বর্তমানে একজন নির্মাণ শ্রমিকের মজুরি উঠেছে ৮০০ টাকায়। এ ছাড়া টনপ্রতি ৫০ হাজার টাকার রড এখন ৯১ হাজার টাকা। আমদানি করা ৩৪ হাজার টাকার পাথরের টন এখন ৫১ হাজার টাকা। এ পরিস্থিতিতে নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সরকারি প্রকল্পের ‘রেট রি-শিডিউল’ করার দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত