যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট ৮৪ বছর বয়সে মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পরিবার বিবৃতি দিয়েছে। খবর বিবিসির। বিবৃতিতে বলা হয়, ‘অলব্রাইট পরিবার ও বন্ধুবান্ধবে পরিবেষ্টিত ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, একজন দাদি, একজন বোন, একজন চাচি, খালা,ফুফু ও একজন বন্ধুকে আজ হারলাম।’
১৯৯৭ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অলব্রাইট। তিনি অভিবাসী আমেরিকান। ১৯৩৭ সালে তৎকালীন চেকোসেøাভাকিয়া বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অলব্রাইটের জন্ম। বাবা ছিলেন চেকোসেøাভাকিয়ার কূটনীতিক। ১৯৩৯ সালে নাৎসি জার্মানির সেনারা চেকোসেøাভাকিয়া দখলে নেওয়ার পর আশ্রয়ে যুক্তরাষ্ট্রে যান অলব্রাইটের বাবা।
অলব্রাইট ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৫৭ সালে দেশটির নাগরিকত্ব পান। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনে হোয়াইট হাউজে কাজ করতেন অলব্রাইট। এরপর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ছিলেন। ১৯৯৩ সালে প্রেসিডেন্ট হন বিল ক্লিনটন। অলব্রাইটকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেন তিনি। ১৯৯৭ সালে বিল ক্লিনটন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলে অলব্রাইটকে পররাষ্ট্রমন্ত্রী করেন। যুক্তরাষ্ট্র পায় ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
অলব্রাইটের মৃত্যুতে বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস শোক প্রকাশ করেছেন।
