ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট পড়ে স্কুলশিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই ভবনের মালিক পক্ষ ও সেখানে কাজ করা অস্থায়ী শ্রমিকরা পালিয়ে গেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুনসেফপাড়া এলাকায় ক্রিসেন্ট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তার মেয়ে স্কুলশিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭) এবং মুনসেফপাড়ার বাসিন্দা বিপ্লবের স্ত্রী নয়ন তারা (৩২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম গতকাল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।
এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
