পাসপোর্ট ছাড়া বাংলাদেশে এসে দেড় বছর কারাভোগ শেষে ভারতে ফিরেছে এক তরুণী। তার নাম মনিরা খাতুন (১৮)।
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে দুউ দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে তার মা ও বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়। তার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট চাঁদপুর গ্রামে।
২০২১ সালের ১ এপ্রিল বিকেলে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের ঝিনাইদহের খালিশপুরে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। এ সময় মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির হাতে ধরা পড়ার পর বিজিবি তাকে থানায় দেয়। পরে পুলিশ ওই তরুণীকে আদালতে সোপর্দ করে। পাসপোর্টবিহীন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন মাসের কারাদন্ড দেয় আদালত। তারপর থেকে ঝিনাইদহ জেলা কারাগারে ছিল মনিরা। দুই দেশের বন্দি বিনিময় প্রক্রিয়ার জটিলতায় সেখানে কেটে যায় দেড় বছর।
গতকাল দুপুরে দর্শনা চেকপোস্টের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিরি দর্শনা কোম্পানি কমান্ডার জহির উদ্দীন, আইসিপি কমান্ডার আলাউদ্দিন, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবদুল আলীম, দর্শনা থানার এসআই নিতীশ বিশ্বাস, ঝিনাইদহ কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী ওয়েভ ফাউন্ডেশনের আতিয়ার রহমান। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের গেঁদে কোম্পানি কমান্ডার এসি রাবেন্দ্র কুমার।
