ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েলিনি জানিয়েছেন, উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে হেরে ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার তার সতীর্থরা ধ্বংস ও চূর্ণ হয়ে গেছে।
জুভেন্টাস তারকা বলেন, ‘এটা খুবই হতাশার। এমনকি আজ আমরা ভালোও খেলেছি। কিন্তু গোল করতে পারিনি। সেপ্টেম্বর থেকে আজ, আমরা অনেক ভুল করেছি এবং তার জন্য আমাদের প্রতিদান দিতে হলো।’
পালের্মোতে বিশ্বকাপ বাছাইপর্বে উ. মেসেডোনিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন বিসর্জন দিয়েছে ইতালি। এ নিয়ে টানা দুই বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
এবারও বিশ্বকাপে খেলতে না পারার কষ্টে নীল হয়ে গেছে আজ্জুরিরা। অতিরিক্ত দ্বিতীয় মিনিটে গোল হজম করার পর ব্যর্থতায় ও হতাশায় মাঠে সমর্থকদের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন ইতালির খেলোয়াড়-কোচিং স্টাফেরা।
তবে হারলেও দল নিয়ে গর্বিত চিয়েলিনি, ‘আমি এই দলের জন্য গর্বিত, যেটি সবকিছু দিয়েছে। এটা ঠিক, আমরা ধ্বংস ও চূর্ণ হয়ে গেছি। আমাদের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাবে।’
প্লে-অফের ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে উ. মেসেডোনিয়া। এই ম্যাচ জিতলে কাতার বিশ্বকাপ নিশ্চিত হবে ক্রিস্টিয়ানো রোনালদোদের। বাছাইপর্বের আরেক ম্যাচে ঘরের মাটিতে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা।
