রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি। এ সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী সুমাইয়া।
ঘটনায় নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর গাড়ির পাশেই ছিল তাদের রিকশা।
সুমাইয়া জানান, রিকশাটি সিগন্যালে থামতেই তারা বিকট শব্দ শুনতে পান। তারা প্রথমে ভেবেছিলেন টায়ার ব্লাস্টের শব্দ হবে হয়তো। একপর্যায়ে তারা দুজনই রিকশা থেকে লাফ দেন।
এর কিছুক্ষণ পর তিনি দেখেন প্রীতি মাটিতে শুয়ে আছেন। এ সময় প্রীতির গায়ে রক্ত দেখে আশপাশের লোকজন বলেন, ‘গুলি লাগছে।’
তারপর সেখান থেকে ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটনায় নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় ছিলেন প্রীতি ও সুমাইয়া। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রীতিও বিদ্ধ হন। পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
