সমাজসেবার কর্মচারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১২:৫০ এএম

বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অফিসের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম নাঈম খান (২৮)। গত বৃহস্পতিবার রাতে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার পর্যন্ত হত্যাকা-ের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। নাঈম সমাজসেবা কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি গাংনী গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাড়ির কাছে এক দোকানে বসে নাঈম খান ও তার কয়েকজন বন্ধু মিলে মোবাইল ফোনে লুডু খেলছিলেন। লুডু খেলার মধ্যে তার ফোনে একটি ভিডিও কল এলে তিনি খেলা বন্ধ রেখে কথা বলতে দোকানের পেছনে একটি পরিত্যক্ত ঘরে যান। অনেক সময় পার হলেও নাঈম ফিরে না আসায় তার বন্ধুরা তাকে খুঁজতে দোকানের পেছনে যান। সেখান থেকে তারা নাঈমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নির্জনে কথা বলতে আসার সুযোগে আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাঈমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার গলা, হাতসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। কেন কী কারণে কারা নাঈমকে হত্যা করেছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত