মোমেন বললেন

ক্ষমা চাওয়ার প্রশ্নে পাকিস্তানি তরুণরা উদ্যোগী হবে

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:৪৫ এএম

একাত্তরে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে ওই দেশের তরুণ প্রজন্ম সোচ্চার হবে আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমি আশা করব, পাকিস্তানের যত নতুন প্রজন্ম, যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল না, তারা এ ব্যাপারে অগ্রসর হয়ে আসবে। তাদের যদি নিজেদের বোধোদয় না হয়, তাহলে কিন্তু আরও অপকর্ম করার সম্ভাবনা আছে। সে কারণে আমার আশাবাদ এই দিনে যে পাকিস্তানিরা স্বেচ্ছায় আমাদের কাছে জাতীয়ভাবে দুঃখপ্রকাশ করবে।’

গতকাল শনিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একাত্তরে নিরীহ বাঙালিদের হত্যাযজ্ঞের পরও ক্ষমা না চাওয়া খুবই দুঃখজনক। আমি প্রায়ই বলি, পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত।’

পাকিস্তান সরকারের রিপোর্টও বলেছে, অতিরিক্ত নির্যাতন করা হয়েছে। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা হিউম্যানিটারিয়ান যত ধরনের আইনকানুন, দেশি-বিদেশি, সব লঙ্ঘন করেছে। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার পাকিস্তান সরকারের করা উচিত। এমনকি যারা মৃত, তাদেরও মরণোত্তর শাস্তি দেওয়া উচিত।

এ সময় সিমলা চুক্তিতে মানবতাবিরোধী অপরাধে জড়িত ১৯৫ সেনাকর্মকর্তার বিচারের ‘প্রতিশ্রুতির’ কথাও পাকিস্তানকে স্মরণ করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তারা ওয়াদা দিয়েছিল সিমলায় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই ১৯৫ জন, তাদের শাস্তি দেবে। তারা যেন তাদের কথা স্মরণ করে, আমি এটা আশা করব।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক ফোরামে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বাংলাদেশ সফরে আসা বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের বধ্যভূমিতে নিয়ে যাওয়ার ভাবনার কথাও জানান তিনি।

বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত