টাঙ্গাইলের বাসাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মঞ্চ করা হয়েছিল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিরা ছিলেন জুতা পরেই। বীর মুক্তিযোদ্ধাদের পায়েও ছিল জুতা। এই ঘটনায় বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়।
গতকাল সংবর্ধনা অনুষ্ঠানের কয়েকটি ছবি নিয়ে সমালচনার ঝড় বইছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কমান্ডারসহ বাসাইল উপজেলার বিশিষ্টজনেরা শহীদ মিনারের বেদিতে তৈরি মঞ্চে বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর মিয়া বীরপ্রতীকের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দিচ্ছেন। তখন তাদের সবার পায়েই ছিল জুতা। বাসাইল জোবেদা রোবেয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল বলেন, শহীদ মিনার একটি সম্মানের জায়গা। এই জায়গার সম্মান রক্ষা করাটা প্রত্যেকের বিবেক এবং শিক্ষার। যদি কেউ সেটা না করে তাকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খোন্দকার জহুরুল হক ডিপটি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, কষ্টদায়ক এবং অপ্রত্যাশিত। দিকনির্দেশক প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছ থেকে এটা অপ্রত্যাশিত। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলব।
বিষয়টি নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের অফিশিয়াল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
