সেচ না পেয়ে বিষপান, আরেক ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:৫১ এএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিষপানে সাঁওতাল সম্প্রদায়ের কৃষক অভিনাথ মারান্ডির (৩৬) পর মারা গেছেন তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭)। গত শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবির বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে। অভিনাথের পরিবারের দাবি, অনেক ঘোরাঘুরির দিকে নলকূপের সামনেই দুই ভাই বিষপান করেন। সেদিনই অভিনাথের মৃত্যু হয়। পরে শুক্রবার রাতে নলকূপের অপারেটর ও দেওপাড়া ইউনিয়নের কৃষক লীগ নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে ভর্তির পর রবি নিজেই বলেছিলেন তিনি বিষপান করেছেন। তাকে সেভাবেই চিকিৎসা দেওয়া হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের দেওয়া হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রবির ভাই সুশীল মারান্ডি জানান, গত বুধবার সন্ধ্যার পর বাড়ি এসে রবি মাকে বলেন ‘আমি মনে হয় আর বাঁচব না’। কী হয়েছে জানতে চাইলে রবি বিষ খাওয়ার কথা জানান। পরে রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত