গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর (৭৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মুকসুদপুর উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলের পেছনে বসে বাটিকামারীর বাড়ি ফিরছিলেন জাফর। পথে বনগ্রাম মুন্সীবাড়িতে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ আহত হন জাফর। স্থানীয়রা তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। জাফরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানিয়েছেন, চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকচাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামে খই বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জের খাটরা বিলওয়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাবাজার এলাকার সর্দার বাড়ির মৃত ইউনুস সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত স্কুটারের চালক তাজুল ইসলাম জানান, মোজাম্মেল হাজীগঞ্জ চৌরাস্তা বিশ্বরোড থেকে বলাখাল যাওয়ার জন্য তার স্কুটারে ওঠেন। পথে খাটরা বিলওয়াই এলাকায় তার গামছা পড়ে যায়। স্কুটার থামানোর পর মোজাম্মেল সড়ক থেকে গামছা তুলতে গেলে ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় নজুমুদ্দিন শেখ (৭০) নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভূমদক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজুমুদ্দিন ওই এলাকার মৃত বেছা শেখের ছেলে।
