পদ্মার তীর রক্ষা বাঁধে ‘জয় বাংলা অ্যাভিনিউ’

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৪:২০ এএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় আট কিলোমিটার ওয়াকওয়েকে ‘জয় বাংলা অ্যাভিনিউ’ নামকরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মূলফৎগঞ্জ পদ্মা নদীর পাড়ে সুরেশ^র থেকে মোক্তারেরচর পর্যন্ত এ অ্যাভিনিউ উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সাংসদ এ কে এম এনামুল হক শামীম।

এনামুল হক শামীম বলেন, ‘আমি নিজেও নদীভাঙন এলাকার মানুষ। নদীভাঙনের শিকার মানুষের কষ্টটা আমি বুঝি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নজরদারি ও সার্বিক সহযোগিতার কারণেই দীর্ঘ ৫০ বছরের ভাঙন রোধ করা সম্ভব হয়েছে। আমি নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যার প্রতি চিরকৃতজ্ঞ।’

এ সময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হারুন পাশা, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত