ফুটপাতে ঘুমানোর জায়গা দখলকে কেন্দ্র করে দুই ভবঘুরের মধ্যে মারামারিতে মাসুদ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাসেল (২৫) নামে একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার দেশ রূপান্তরকে জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠসংলগ্ন ফুটপাত থেকে মাসুদকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের কিছু জায়গা আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, মাসুদ মাদকাসক্ত ও ভবঘুরে। ফুটপাতে ঘুমাত। গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীত পাশে কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ফুটপাতে শুয়ে ছিল। তখন রাসেল নামে আরেক ভবঘুরে রিকশাচালক তার সঙ্গে মারামারি করে। রাসেল দাবি করে, ওই জায়গায় সে নিজে প্রতিদিন ঘুমায়। তার ঘুমানোর জায়গা দখল করেছে মাসুদ। আজ (গতকাল) সকালে রাসেল আবার এসে দেখে মাসুদ একই জায়গায় ঘুমাচ্ছে। পরে তাদের দুজনের মধ্যে আবার হাতাহাতি হয়। একপর্যায়ে নারিকেলের ছড়া দিয়ে মাসুদের মাথায় আঘাত করে সে। এ ছাড়াও আরও ঘুষি মারে। এতে অচেতন হয়ে পড়ে মাসুদ।
ঘটনার পরপরই রাসেলকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। আশপাশের অন্য ভবঘুরের মাধ্যমে নিহতের নাম মাসুদ বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
