মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে গতকাল শনিবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে দল দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে একই জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির সভা নিয়ে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এছাড়া জেলার সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দুটি পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের দুজন আহত হয়। ঝালকাঠিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় কমপক্ষে ১০ ছাত্রদল নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগরে আলাদা দুটি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটায় সংগঠনটির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি ও ভাঙচুরের সময় অন্তত আটজন আহত হয়েছেন।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডার সময় কয়েকজন ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে।
কলমাকান্দার সংঘর্ষে আহত ১৫ জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের মধ্যে আটজনের কারও ভেঙেছে হাত-পা, আবার কারও মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ধান মহল রোডে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুর রহমান ভূঁইয়ার ভাষ্য, তারা পুষ্পস্তবক অর্পণের জন্য শান্তিপূর্ণভাবে যাচ্ছিলেন। পথে যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেছন থেকে হামলা চালায়।
তবে যুবলীগ নেতা পলাশ কান্তি বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন। লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ২০, আটক দুই : লক্ষ্মীপুরের রামগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আলেকজান্ডার বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির দুজনকে আটক করে। তারা হলেন রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম খন্দকার।
মানিকগঞ্জে সংঘর্ষে আহত ৫ : মানিকগঞ্জের সিংগাইরে একই জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলী লাঞ্ছিত এবং জামির্ত্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব আহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে সিংগাইর পৌর বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে জেলার সাটুরিয়ায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ২ জন আহত হয়েছেন। গতকাল সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ফুকুরহাটির নাজমুল হোসেন।
ঝালকাঠিতে ছাত্রদল আহ্বায়ককে কুপিয়ে আহত : ঝালকাঠিতে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সকাল ৭টার দিকে রাজাপুর উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মীরা রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে আহত করে। হামলায় আরও ৮-১০ জন ছাত্রদলকর্মী আহত হন। আহত কিরণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি, হাতাহাতি, ভাঙচুর : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টার দিকে তিন দফায় তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শ্রদ্ধাঞ্জলি বেদিতেই ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ থাকলেও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা যায়নি। এর প্রতিবাদে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মানববন্ধন করে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পরে শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, হল ও বিভাগগুলো একে একে শ্রদ্ধাঞ্জলি জানায়। শ্রদ্ধা নিবেদনের এক পর্যায়ে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নাম ঘোষণা না করায় তারা বেদিতে উঠতে চেষ্টা করে। এ সময় সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ নিয়ে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে সহকারী প্রক্টরের বাগ্বিত-া হয়। সেখানে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ প্রায় ২৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন। বাগ্বিত-ার পরে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শিক্ষকরা বেদিতে ওঠার চেষ্টা করলে অপর পক্ষ তাদের বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের শিক্ষকদের হাতাহাতি হয়। অন্যপক্ষে ছিলেন আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র ঘোষিত অংশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ প্রায় ১৫ জন শিক্ষক। এক পর্যায়ে শিক্ষক ইউনিটের ফুলের তোড়া ভেঙে ফেলে তারা। এরপর দুই গ্রুপের প্রায় অর্ধশতাধিক শিক্ষক মূল বেদিতে সবার সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রায় ২০ মিনিটে তিন দফায় হাতাহাতি করেন শিক্ষকরা। এসময় শিক্ষক ইউনিটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে অভিযোগ জানাতে গেলে ফের বাধা দেয় অন্যপক্ষ। পরে তাদের সামনে ধাক্কা দিয়ে শিক্ষক ইউনিটের শিক্ষকদের বেদি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। এসময় প্রক্টর পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে শিক্ষক ইউনিটের শিক্ষকরা বেদি থেকে নেমে যান।
পাকুন্দিয়ায় আহত ৫ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু মিয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
শ্রীনগরে বিএনপির র্যালিতে পুলিশের বাধা ও লাঠিচার্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল সকালে আলাদা আলাদা দুটি জায়গায় বিএনপির র্যালিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে দলটির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সকাল ১০টার দিকে হরপাড়া, শ্রীনগর চৌরাস্তা ও যশুরগাঁও এলাকায় বিএনপির র্যালিতে লাঠিপেটা করে শ্রীনগর থানা পুলিশ।
উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের দাবি, পুলিশের লাঠিপেটায় তাদের সংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
বাকৃবিতে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ : স্বাধীনতা দিবসের র্যালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের একটি গ্রুপের পদপ্রত্যাশী নেতা খন্দকার তায়েফুর রহমানের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ এবং টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্ত নেতার বহিষ্কার ও বিচার দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে তায়েফ রিয়াদ বলেন, ‘এটা সম্পূর্ণ সাজানো নাটক। এমন কিছুই হয়নি। বরং মেয়েরা হলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাকে হেয় করার জন্য এমন করা হয়েছে।’
হাজী মুহসিন কলেজে ছাত্রলীগের মারামারিতে আহত ৮ : চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি ও সভাস্থলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রলীগের দু’পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে কলেজের বিজ্ঞান ভবনের দোতলার হলরুমে এ ঘটনা ঘটে। কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ ও মায়মুন উদ্দিনের মামুনের গ্রুপের মধ্যে এ মারামারি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট ব্যুরো অফিস এবং জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
