প্রিয়াঙ্কায় মোহাবিষ্ট কঙ্গনা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১:৪৮ পিএম

তারকাদের প্রতি ভক্তদের মোহ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজে তারকা হয়ে অন্য তারকার প্রতি মোহাবিষ্ট হওয়ার ঘটনা হরহামেশা দেখা যায় না। এমনই ঘটেছিল বলিউড কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের জীবনে। সে কথা নিজেই স্বীকার করেছেন বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন। আরেক বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ ছিল তার। ২০০৮ সালে মুক্তি পায় মধুর ভাণ্ডারকরের ফ্যাশন সিনেমা। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং কঙ্গনা। সে সময় একজন সাবেক মিস ওয়ার্ল্ড হওয়ার পাশাপাশি বলিউডের অন্যতম তারকা-অভিনেত্রীর তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, কঙ্গনা ছিলেন তখন ইন্ডাস্ট্রিতে নতুন মুখ। এক সাক্ষাৎকারে কঙ্গনা জানালেন, এই ছবির শ্যুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের তাকে সামনে থেকে দেখে যে হাল হতো, তারও ঠিক সে অবস্থাই হতো। এমনকি সেটে লুকিয়ে, আড়চোখেও প্রিয়াঙ্কাকে দেখতেন তিনি। কাঙ্গনার ভাষায়, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ কিংবা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে এত উত্তেজিত হয়ে পড়তাম যে কী বলব! বন্ধু-বান্ধবদের বলতাম প্রিয়াঙ্কা কখন সেটে আসেন, কী করেন। প্রিয়াঙ্কা ওই সিনেমায় বাস্তবের মতোই বিরাট তারকার চরিত্রে অভিনয় করেন। আর আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে রীতিমতো আড়চোখে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’

ফ্যাশন সিনেমায় দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা হয়েছিলেন কঙ্গনাও। পরে ২০১৩ সালে ‘কৃষ ৩’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। যদিও গত বছর ইন্সটাগ্রামে চিরাচরিত স্বভাবমতো প্রিয়াঙ্কার উদ্দেশ্যেও তোপ দাগতে ছাড়েননি কঙ্গনা। এই দুই তারকা এখন যার যার কাজে ব্যস্ত। কঙ্গনা ছোটপর্দায় যাত্রা শুরু করেছেন সঞ্চালনা দিয়ে। ‘লক আপ’ নামের ব্যতিক্রমী এই শো ওটিটি দুনিয়ায় নতুন রেকর্ড করেছে। আর প্রিয়াঙ্কা ব্যস্ত হলিউডে। সম্প্রতি কালো শাড়িতে প্রি অস্কার পার্টিতে হাজির হয়ে তাক লাগিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত