পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত শনিবার রাতে প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ভøাদিমির সেভ্টস (৫০) নামের ওই ব্যক্তি গ্রিনসিটির ৬ নম্বর ভবনে থাকতেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় আহত আরেক কাজাখ নাগরিককে ঢাকায় পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, ভøাদিমির সেভটস হত্যাকা-ের ঘটনায় ভিতালি, হিনেস ও ভøাদিমির নামে তিন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে নিকিমথ কোম্পানির পরিচালক থানায় লিখিত অভিযোগ করেছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রাথমিক তথ্যে যেটুকু জানা গেছে, আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে নিহত ব্যক্তির দ্বন্দ্ব ছিল। এর জেরে ছুরিকাঘাতে তিনি মারা যান। তার পিঠের দিকে ছুরিকাঘাতের ৪ থেকে ৫টি দাগ আছে।
তিনি জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ভাষাগত সমস্যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে। আরও তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, গ্রিনসিটি আবাসিক এলাকায় বিভিন্ন ভবনে প্রায় পাঁচ হাজার বিদেশি নাগরিক থাকেন। এদের মধ্যে রাশিয়ান, বেলারুশ, কাজাখস্তান, ইউক্রেনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। শনিবার রাতে বেলারুশের নাগরিকদের সাথে মারামারিতে কাজাখস্তানের নাগরিক নিহত হওয়ার ঘটনা পুলিশ ও প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল বাহিনী তদন্ত করছে।
রুহুল কুদ্দুস বলেন, এটি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। এতে প্রকল্পের সার্বিক নিরপত্তায় কোনো প্রভাব পড়েনি। গ্রিনসিটির পরিবেশও স্বাভাবিক রয়েছে।
