ইভ্যালির প্রতারণা মামলা

তাহসান-মিথিলা শবনমসহ ৫ জনকে অব্যাহতি

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:২১ এএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে করা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছে আদালত।

গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক চার্জশিট গ্রহণ করেন এবং মামলার তদন্ত কর্মকর্তার সুপারিশ মতে ৫ জনকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া অপর দুই আসামি হলেনÑপ্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসাইন ও এক্সিকিউটিভ অপারেশন্স আবু কায়েস।

তবে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়েছে আদালত। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেনÑ প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ ও ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম।

এদিন তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া আদালতে হাজিরা দেন। অপর আসামিদের কারাগার থেকে আদালতে হাজিরা করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক রাজিব হাসান চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এ ছাড়া ৫ জনকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করেন। 

২০২১ সালের ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে বাইক না দিয়ে ৩ লাখ ১৮ হাজার টাকা প্রতারণা করে আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ৯ জনকে আসামি করে এই  মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত