রাজধানীর বড় মগবাজারের একটি বাসা থেকে সেলিনা খাতুন (২৫) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বারডেম হাসপাতালে কর্মরত ছিলেন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। সেলিনার গ্রামের বাড়ি নাটোর বড়াইগ্রাম মশিন্দা গ্রামে। তার বাবার নাম সাদেব খান।
ওই বাড়ির মালিক আক্তার হোসেন জানান, তিন মাস আগে সেলিনা ও তার স্বামী জুয়েল বাড়িতে ভাড়া ওঠেন। জুয়েল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
শনিবার সাড়ে ১০টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে বাসার প্রধান দরজা এবং ভেতরে আরেকটি রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেলিনার লাশ উদ্ধার করে।
শেওড়াপাড়ায় সাবেক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ : রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাড়ি থেকে ফরিদ উদ্দিন নামের অবসরপ্রাপ্ত পুলিশের এক সার্জেন্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেওড়াপাড়ায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তিনি। অন্য তলায় থাকেন তার ভাই-বোনেরা।
গতকাল ভোরে ওই বাড়ির পঞ্চমতলার ফ্ল্যাটে ফ্যানের হুকের সঙ্গে রশি লাগিয়ে তিনি ‘আত্মহত্যা করেন’ বলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান।
চাকরিতে থাকা অবস্থায় ফরিদ স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন জানিয়ে ওসি বলেন, বাড়ির পঞ্চম তলায় নির্মাণকাজ চলছে। সবার অগোচরে ফরিদ পঞ্চম তলায় গিয়ে ফ্যানের হুকের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ভোর ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।
