কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও ভালো: কৃষিমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০:৪২ পিএম

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কমিউনিস্ট পার্টি কিছু বামপন্থী নেতা আজ হরতাল দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে বিএনপি ও ভুঁইফোড় কিছু রাজনৈতিক দল। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের কথা বাদই দিলাম, ঢাকা শহরেও তো একটা মানুষকে দেখলাম না যে হরতালের পক্ষে কথা বলে। মানুষ নির্বিঘ্নে কাজ করছে।

তিনি হরতাল নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও তো ভালো, হেফাজত তো তাও মতিঝিলে বিরাট সমাবেশ করতে পারে।’

সোমবার সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। কেউ যদি এই নির্বাচন বিঘ্নিত করতে চায় আমরা অবশ্যই মোকাবিলা করবো।’

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন করবো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করবো, আইসিটি খাত তথা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবো। গত ১৩ বছরে প্রতিটি প্রতিশ্রুতি আমরা পালন করেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘কিছু খাদ্যশস্যের দাম বেড়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আমাদের নেত্রী কি বসে আছেন? আমরা কি ব্যবস্থা নিচ্ছি না? আমরাও ওএমএসএ চাল দিচ্ছি, ভিজিএফ দিচ্ছি, ৫০ লাখ পরিবারে ৫ জন করে হলেও আড়াই কোটি মানুষকে আমরা ১০ টাকা কেজিতে চাল দিচ্ছি।’

সয়াবিন তেলের দাম বৃদ্ধির পেছনে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘দাম কেন বাড়ছে? আন্তর্জাতিক বাজারে ১ টন সয়াবিনের দাম ছিল ৬০০ ডলার। সেটি আজ ১ হাজার ৮০০ ডলার। জাহাজের ভাড়া ছিল ৫০০ থেকে ৬০০ ডলার। তা এখন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ডলার। ৯০ ভাগ ভোজ্যতেল সয়াবিন, পামওয়েল বিদেশ থেকে আনতে হয়। এটা প্রাইভেট সেক্টর আনে। আমি বললেই তো তারা দাম কমাবে না। সরকার চেষ্টা করছে। এক কোটিরও বেশি মানুষকে আমরা তেল, ডাল দেওয়ার চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত