পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:১৯ এএম

বাজার স্থিতিশীল রাখতে রোজার ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে সাড়া দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রোজার মাসে ভোক্তা ও কৃষকের ‘স্বার্থ রক্ষায়’ আপাতত পেঁয়াজের আমদানি বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণলায়।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম বলেন, কিছু গণমাধ্যমে দেখলাম ২৯ মার্চের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন করে আইপি ইস্যু করা বা বন্ধ করার কোনো নির্দেশনা বা পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই বলেও জানান সচিব।

এদিকে আমাদের দিনাজপুরের হাকিমপুর প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির সময়সীমা আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল হিলি স্থলবন্দর উদ্ভিদসংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমোদন প্রদানের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে পেঁয়াজ আমদানির জন্য আইপি ইস্যু করা হবে, যার মেয়াদ আগামী মে মাসের ৫ তারিখ পর্যন্ত থাকবে। ইতিমধ্যেই বিষয়টি আমাদের জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে আজ (বুধবার) থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। তবে পুরনো আইপিগুলোর মেয়াদ বাড়ানো হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত