বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদান, পাশাপাশি মালদ্বীপের খেলাধুলার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সম্প্রতি ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করেছে মালদ্বীপ সরকার। এ জন্য গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ ও দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। সংবর্ধনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতার জন্মদিনে আন্তর্জাতিক এ স্বীকৃতিপ্রাপ্তি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন। বাংলাদেশের ১৬ কোটি মানুষের অর্জন। আমি এ পুরস্কার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। এ পুরস্কারপ্রাপ্তি আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক, কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের ক্যা শৈ লা, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আবদুল গাফফার, জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার হীরু।
×
