র্যাবই মানুষের শেষ ভরসাস্থল হিসেবে অভিহিত করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, মানবিকতা দিয়ে অপরাধ দমনে র্যাবের সাফল্য বিশ্বের বুকে নজিরবিহীন। সব ধরনের ব্যক্তিস্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন এবং করতে হবে।
গতকাল মঙ্গলবার র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত ‘র্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো গতকাল আভিযানিক কার্যক্রমে শহীদ র্যাব সদস্যদের স্মৃতির স্মরণে আনুষ্ঠানিকভাবে ‘র্যাব মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে। শহীদ র্যাব সদস্যদের স্মৃতির স্মরণে র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আভিযানিক কার্যক্রমে শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, অপহরণকৃত ভিকটিমদের উদ্ধারে র্যাবই হলো মানুষের শেষ ভরসাস্থল। র্যাব প্রথমে অল্পসংখ্যক ব্যাটালিয়ন নিয়ে শুরু করলেও পরিস্থিতির দাবি মোতাবেক সর্বশেষ কক্সবাজার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হওয়ায় ১৫টি ব্যাটালিয়ন নিয়ে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
