দেশে যেসব উপায়ে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:১২ পিএম

দেশের বিমানবন্দরগুলোতে প্রায়ই অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণ উদ্ধারের খবর পাওয়া যায়। অবৈধভাবে স্বর্ণ চোরাচালানে পাচারকারীরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে।

গত কয়েক বছর ধরে বিমানবন্দরে যেসব স্বর্ণ জব্দ করা হয়েছে সেগুলো মানুষের শরীরের মধ্যে থেকে যেমন উদ্ধার করা হয়েছে, তেমনি বিভিন্ন পণ্যের মধ্যে থেকেও সেগুলো জব্দ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুবাই, সৌদিআরব, মালয়েশিয়া,সিঙ্গাপুর থেকে এসব স্বর্ণ আসে। আর বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যাত্রীরা মূলত স্বর্ণের ক্যারিয়ার বা বাহক হিসবে কাজ করেন। এর পিছনে রয়েছে আরো অনেক বড় সিন্ডিকেট।

দীর্ঘদিন ধরে যেসব কর্মকর্তা এসব স্বর্ণ জব্দ করছেন তারা কয়েকটি উপায়ের কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১,৩৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টিম।

সহকারী রাজস্ব কর্মকর্তা এস কে তরিকুল ইসলাম বলেন, ওই যাত্রীর পকেট থেকে স্বর্ণের দুটো বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এরপর স্থানীয় একটি ক্লিনিকে ওই ব্যক্তির দেহে এক্স রে করলে দেখা যায় যে তার পায়ুপথে চারটি ধাতব পদার্থ রয়েছে। পরে ধাতব পিণ্ডগুলো খুললে ১.০১০ কেজি ওজনের পেস্ট আকারের কেমিক্যাল মিশ্রিত স্বর্ণ পাওয়া যায়।

পায়ুপথ

বেশ কয়েক বছর ধরে পায়ুপথে ভরে স্বর্ণ আনা হচ্ছে বলে তারা দেখতে পাচ্ছেন। তাই কারো কাছ থেকে অঘোষিত স্বর্ণবার উদ্ধার করা হলে তারা ওই ব্যক্তির দেহে এক্স রে করেন।

পেটের নীচের অংশে কোন ধাতব বস্তু থাকলে ওই এক্স রে-তে সেটা ধরা পড়ে।

তরিকুল ইসলাম বলেন, এগুলো দেখতে গুড়া বা ভেজা ময়দার মতো। এসব স্বর্ণ আবার কালো স্কচ টেপে মোড়ানো থাকে। তারা মুখে খায় না বরং পায়ুপথে ঢুকিয়ে নিয়ে আসে।

পণ্যের ভেতরে

বিভিন্ন পণ্য যেমন ফ্যান, হাড়ি পাতিল, খেলনা এসবের মধ্যে স্বর্ণের প্রলেপ দিয়ে কালো টেপ দিয়ে ঢেকেও স্বর্ণ নিয়ে আসা হয়।

এসব স্বর্ণ ধরা অনেক সময় কঠিন হয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সিটে, টয়লেটে:

কর্মকর্তারা বলছেন সিটে ও টয়লেটে করে স্বর্ণ আনার কাজটা খুব টেকনিক্যাল। তারা বিমানের সিটের মধ্যে, হাতলে বা টয়লেটে স্বর্ণ রেখে আসে। পরে একজন সেখান থেকে সেই স্বর্ণ সংগ্রহ করেন।

এ ধরনের কাজ করতে একটা বড় চক্র কাজ করে।

সূত্র: বিবিসি বাংলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত