ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগোলেন তাসকিন

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:৫৯ পিএম

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তাসকিন। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেট ও তৃতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এমন পারফরম্যান্সেরই প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ৫২৩ রেটিং নিয়ে বর্তমানে ক্যারিয়ার সেরা ৩৪তম স্থানে আছেন তাসকিন।

মেহেদি হাসান মিরাজ এই তালিকায় সেরা দশে আছেন। ৬৬১ রেটিং নিয়ে সপ্তম স্থানে তিনি। সাকিব আল হাসান এই তালিকায় চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। তার রেটিং ৬৫৭।

এদিকে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তার রেটিং ৪১৯।

ব্যাটারদের তালিকায় সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১২৯ রান করেছিলেন তামিম।

দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাসেরও উন্নতি হয়েছে। ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে লিটন দাস। ২৬তম স্থানে আছেন সাকিব। ১৭ নম্বরে অবস্থান করছেন মুশফিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত