আগ্রহের কেন্দ্রে শাকিবের নায়িকা কোর্টনি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:০০ এএম

গত ২৮ মার্চ ছিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি ছিল শাকিব খানের জন্য ব্যতিক্রম ও বিশেষ। গত ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। একটি অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ শেষেই তার ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ফেরা হয়নি। হঠাৎ জানা যায়, সেখানে নতুন চলচ্চিত্রের শ্যুটিং করবেন। এর মধ্যে পেরিয়ে গেছে চার মাসের বেশি। জানা যায়, যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় গ্রিন কার্ড প্রসেসিংয়ের কারণেও তাকে থাকতে হয়েছে। দিন-মাস পেরিয়ে এসে পড়ে জন্মদিনের ক্ষণ। তাই এবারের জন্মদিন নিউইয়র্কে কাটাতে হয়েছে শাকিব খানকে।

নিজের জন্মদিনে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত হয়ে গেল। যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে স্থানীয় সময় ২৮ মার্চ সন্ধ্যায় এসকে ফিল্মসের নতুন এই চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমায় অন্যতম চমক মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কোর্টনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। সেখানকার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কোর্টনি কফি নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্টফিল্ম ‘দ্য স্ট্রম’, ‘কারেন্টলি দ্য ডিবেট’, ‘এভেঞ্জিং এঞ্জেলস’ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি থিয়েটারে অভিনয় করেছেন ‘মিডসামার নাইটস ড্রিম’, ‘জুরি ডিউটি দ্য মিউজিক্যাল’-এ। নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিলে জন্ম কোর্টনির, বেড়ে উঠেছেনও সেখানে। ‘রাজকুমার’-এর পরিচালক হিমেল আশরাফ জানান, ‘যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করা হয়েছে। সেই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করা হয়েছে।’ পরিচালক আরও জানান, ‘রাজকুমার’ চলচ্চিত্রের শ্যুটিং হবে আগামী জুলাইয়ে।

মহরত অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রীকে দেখে দেশের অনেকে চমকে যান। কেন এই চলচ্চিত্রে দেশের বাইরের অভিনয়শিল্পীর প্রয়োজন পড়ল? জানতে চাইলে শাকিব খান বলেন, ‘গল্পের প্রয়োজনে একজন বিদেশি অভিনয়শিল্পীর দরকার ছিল। মাস দুয়েক এমন একজনকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত কোর্টনির খোঁজ মেলে। এরপর তার সঙ্গে দেখা হয়। কথা হয়। গল্প নিয়ে আলাপ হয়। গল্পটা তারও ভীষণ পছন্দ হয়। আমরা সিদ্ধান্ত নিই, কোর্টনিই হবেন নায়িকা।’ এ চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়ে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিও খুশি। মহরতে নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘বাংলাদেশের মতো সুন্দর ও সংস্কৃতি সমৃদ্ধ দেশের সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সেখানকার সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছি সেটাও আমার জন্য গর্বের। আশা করছি আমরা ভালো একটি ছবি উপহার দিতে পারব। কারণ এর গল্পটি খুব সুন্দর। আমার চরিত্রেও অভিনয়ের ভালো সুযোগ রয়েছে। পরিচালকের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি গল্পটিকে জীবন্ত করে পর্দায় তুলে ধরতে পারবেন। এসব কারণেই ছবিটির সঙ্গে যুক্ত হওয়া।’

দেশে ফিরবেন কবে, এমন প্রশ্নে শাকিব বলেন, ‘এপ্রিলের শেষ দিকে ঢাকায় ফিরব। এর আগে এই চলচ্চিত্রের প্রিপ্রোডাকশনের কাজ সারতে হবে। জুলাইয়ে এসে আবার শ্যুটিং শুরু তো। এর মধ্যে কিছু লোকেশন দেখা হয়েছে। অন্যান্য অভিনয়শিল্পী চূড়ান্তের ব্যাপারও আছে।’ বোনের হাতে বানানো শাহি সেমাই শাকিবের খুব পছন্দের। রসগোল্লা খুব প্রিয়। জন্মদিনে ভাইয়ের পছন্দের খাবারটা সবার আগে তৈরি করে দেন আদরের ছোট বোন। মাও পছন্দের খাবার রান্না করেন। মায়ের রান্না করা গরুর মাংস, কাচ্চি বিরিয়ানি আর ইলিশ ভীষণ পছন্দের। এসবের স্বাদও নিতে পারেননি। মজা করে তাই শাকিব বলেন, ‘মা-বোনের খাবার জমা আছে। ঢাকায় ফিরে অবশ্যই এসব খাওয়া হবে।’ ‘রাজকুমার’ চলচ্চিত্রের গান তৈরির কাজও শুরু হয়েছে। বাংলাদেশের তিনজন সংগীত পরিচালক এসব গান তৈরি করছেন।

এদিকে শাকিব খানের জন্মদিন ঘিরে তৈরি হয়েছে নতুন একটি গান। এসকে ফিল্মস টিমের পক্ষ থেকে তৈরি সেই গানের শিরোনাম ‘শাকিব : দ্য কিং’। কবির বকুলের লেখা ও পুলকের সুর করা এই গানে কণ্ঠ দিয়েছেন আরিফ, মার্সেল ও পিংকি। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম। গানটি তার জন্মদিনে অন্য রকম উপহার বলেও জানান শাকিব। ঢালিউড তারকার জন্মদিন উপলক্ষে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সারা দিনই নানাভাবে শুভেচ্ছা জানিয়েছে। শাকিব বলেন, ‘সবার ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা, এগিয়ে যাওয়ার শক্তি। আমিও সবাইকে ভীষণ ভালোবাসি।’

‘রাজকুমার’ সিনেমাটি এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে। প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এই সিনেমার অপর প্রযোজক কাজী রিটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত