মৌসুমী হামিদ ও ইরফানকে নিয়ে জহির খানের ‘মি. মেন্টালম্যান’

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০২:৫৩ পিএম

দাম্পত্য কলহ নিয়ে নির্মিত টেলিছবিতে কাজ করলেন মৌসুমী হামিদ ও ইরফান সাজ্জাদ। মিজানুর রহমান বেলালের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন জহির খান। ‘মি. মেন্টালম্যান’নামের এই টেলিছবিটি ২ এপ্রিল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

টেলিছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, অপরূপ সুন্দরী মৌসুমী হামিদকে বিয়ে করেন চাকরিজীবী ইরফান সাজ্জাদ। কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই স্ত্রীকে সন্দেহ করা শুরু করেন ইরফান। নানা কারণে স্ত্রীকে সন্দেহের মুখে রাখেন তিনি। বাসায় কেউ বেড়াতে এলে তাকে জড়িয়ে পরকীয়ার সন্দেহ করে। এক সময় ইরফানের এই সন্দেহ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। শুরু হয় দাম্পত্য কলহ। এভাবেই এগিয়ে যায় ‘মি. মেন্টালম্যান’ টেলিফিল্মের গল্প। 

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, সমাজের প্রচলিত একটি গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। 

ইরফান সাজ্জাদ বলেন, ঘটনাটি জানা হলেও এটির উপস্থাপনটা হয়েছে ব্যতিক্রম। আশা করছি, টেলিফিল্মটি সবার ভালো লাগবে।

জহির খান বলেন, সব সময় চেষ্টা করি দর্শকদের ব্যতিক্রমী কিছু উপহার দিতে। আমাদের আশেপাশে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। চিরচেনা ঘটনা নিয়েই টেলিছবির গল্পটি। আশা করি, দর্শকদের পছন্দ হবে।

টেলিছবিতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, আহমেদ জিসান, নীহারিকা মৌ, নূরে আলন নয়ন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত