এলো মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পোস্টার

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৭:৩৩ পিএম

মেজবাউর রহমান সুমন অনেক আগেই শেষ করেছেন তার চলচ্চিত্র ‘হাওয়া’র কাজ। কিন্তু কবে মুক্তি পাবে তা নিয়ে ছিল সংশয়। অবশেষে দর্শকদের সেই কৌতূহল মেটালেন ১ এপ্রিল। এ দিন প্রকাশিত হলো ছবিটির পোস্টার। জানা যায়, আসছে ঈদেই মুক্তির মিছিলে নাম লেখাতে যাচ্ছে ‘হাওয়া’।

প্রকাশিত প্রথম পোস্টারে দেখা মিলেছে সিনেমার প্রায় সব কলাকুশলীকে। দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণিতে চিৎ হয়ে আছেন লাল হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ!

পোস্টার প্রকাশ ও মুক্তি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘কোভিডের কারণে গত কয়েক বছরে আমাদের জীবনে অনেক ছন্দপতন ঘটেছে। অর্থনীতির চাকা থেকে শিল্পের চাকা, সকল ক্ষেত্রেই স্থবিরতা নেমে এসেছে। সেই চাকা নতুন করে আবার সচল হতে শুরু করেছে। এখন শুধু প্রয়োজন দর্শকদের সাবলীল অংশগ্রহণ। অনেক আগেই আমাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’র কাজ শেষ হয়েছে। আজ প্রকাশ হলো পোস্টার। এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি। অচিরেই ছবিটি মুক্তি পাবে।’

২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে ছবিটির শুটিং হয় গভীর সমুদ্রে। ছবিটির গল্প সম্পর্কে পরিচালক তখন বলেছিলেন, ‘আমাদের ছবিটা জেলেদের জীবনের দুঃখ–দুর্দশার ছবি নয়। জেলেদের জীবনের সংগ্রামের গল্প নয়। আমরা বারবার বলেছি, এটা আধুনিক রূপকথার গল্প। গল্পটি একটা মিথোলজিকে ভিত্তি করে। সমুদ্রের জীবনের গল্পের ভেতর দিয়ে একটা হাইপাররিয়্যালিটির গল্প বলতে চাই, যার মধ্যে গল্প বলার ক্ষেত্রে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে। আমরা দেখাতে চাই আধুনিক রূপকথা কিংবা প্রতিশোধের গল্প। এটাই মূল কথা। এখানে মাছ ধরার গল্প মুখ্য নয়। মাছ ধরা চরিত্রের দৈনন্দিন কাজেরই একটি অংশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত