বঙ্গবন্ধু ৩১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার পুরুষ বিভাগে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে যৌথভাবে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই সাঁতারু সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার। আর দলগতভাবে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। সংস্থাটি একচেটিয়া প্রাধান্য দেখিয়ে ৩৩টি স্বর্ণ, ২৫টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জপদক পেয়েছে। গতকাল শেষ দিনে আরও ৮টি নতুন রেকর্ড হয়েছে। সব মিলিয়ে চার দিনে মোট ১৯টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
শেষ দিনের শুরু হয়েছিল জুয়েল আহমেদের নতুন রেকর্ড গড়ার মধ্য দিয়ে। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সেনাবাহিনীর এই সাঁতারু ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দেন গত বছর কাজল মিয়ার গড়া ৪ মিনিট ৪৭.৩৪ সেকেন্ডের রেকর্ড। নতুন রেকর্ড জিততে কাল জুয়েল হারিয়েছেন নৌবাহিনীর কাজলকেই। পুরুষ ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে নৌবাহিনীর চার সাঁতারু নিজেদের গত বছর গড়া রেকর্ড ভেঙে সেরা হয়েছেন।
পুরুষ বিভাগে জুয়েল আহমেদ ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে সেরা হন। নারী বিভাগে সেরা হতে দুই সোনিয়াই জিতেছেন ৫টি করে স্বর্ণ ও ৩টি করে রৌপ্যপদক। দুজনই একটি করে নতুন জাতীয় রেকর্ড গড়ায় দুজনকে যৌথভাবে সেরা ঘোষণা করা হয়। সেরা সাঁতারুদের ট্রফি ছাড়াও অর্থ পুরস্কার দেওয়া হয়।
আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
