ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

বিএনপির ষড়যন্ত্রের জবাব জনগণ টোকায় টোকায় দেবে

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০২:১৫ এএম

বিএনপির ‘ষড়যন্ত্রের’ কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্রের জবাব জনগণ টোকায় টোকায় দেবে।’

গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি আলী বিশ^বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার-আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে; তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে, বাংলাদেশ তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরত, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। যদি দুই মিলিয়ন ডলার দিত, তাহলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এই টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরত। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারা বিশে^র অনেক দেশ থেকে ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। তারা কি জানে না, বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া, কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত