স্বাগতিক কাতার সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর শুরু হবে ২২তম বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। গতকাল শুক্রবার দোহায় অনুষ্ঠিত ড্রতে নির্ধারিত হয়েছে ৩২ দেশের আটটি গ্রুপ। তাতে কাতারের গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। আরেকটি দল সাদিও মানের সেনেগাল। আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপ পর্বে বড় চ্যালেঞ্জ নেই। ‘সি’ গ্রুপে মেসিদের সঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। নেইমারের ব্রাজিল পড়েছে ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে। ইউরোপের দুই হেভিওয়েট স্পেন ও জার্মানি পড়েছে একই গ্রুপে। জাপান এবং কোস্টারিকা বা নিউজিল্যান্ডের সঙ্গে খেলাটা সহজই হবে তাদের। তবে নিজেদের মধ্যে খেলায় কে জেতে সেটাই দেখার।
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে ডেনমার্ক, তিউনিসিয়া এবং পেরু বা অস্ট্রেলিয়া-আমিরাতের প্লেঅফ জয়ীর সঙ্গে। গ্রুপ ‘এইচে’ পর্তুগাল ও উরুগুয়ের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেওয়া দক্ষিণ কোরিয়া। রয়েছে ঘানা।
গ্রুপে নিজেদের অবস্থানকে ‘ভালো নয়, মন্দও নয়’ বলে মন্তব্য করে আর্জেন্টিনার কোচ লিওলেন স্কালোনি বলেছেন, ‘ঐতিহাসিকভাবে মেক্সিকো কঠিন প্রতিপক্ষ। ২০০৬-এ ভুগেছিলাম আমরা। অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছি।’ বর্ষসেরা ফুটবলে মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী লেভানডোস্কির সঙ্গে দেখা হচ্ছে গ্রুপ পর্বে। ‘পোল্যান্ড ভালো খেলোয়াড় ও চমৎকার বোঝাপড়ার একটা দল। সৌদি আরব বাছাই পর্বে ভালো খেলেই এসেছে’ বলেন স্কালোনি। সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে ২২ নভেম্বর শুরু হবে মেসির বিশ্বকাপ জয়ের মিশন। দ্বিতীয় পর্বে ফ্রান্স বা ডেনমার্কের সঙ্গে খেলা হওয়ার সম্ভাবনা তাদের। সার্বিয়ার সঙ্গে প্রথম খেলা ব্রাজিলের ২৪ নভেম্বর। ওইদিনই সন্ধ্যায় ঘানার সঙ্গে ম্যাচ দিয়ে রোনালদোর পর্তুগাল শুরু করবে বিশ্বকাপ।
