নীলফামারীর ডোমার রেলস্টেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করছে। ফলে দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
গতকাল শনিবার বেলা ১১টায় ডোমার শহরের বাজার রেলঘুণ্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন। ট্রেনের টিকিট কালোবাজারি ও এতে জড়িতদের শাস্তির দাবিতে ডোমার উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হৃদয়ে ডোমারের সাধারণ স¤পাদক রাকিব আল আকাশ, পৌর কৃষক লীগের আহ্বায়ক আবু সাঈদ, সাংবাদিক আসাদুজ্জামান চয়ন, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াছিন মোহাম্মদ সিথুন, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ, সুমন আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, ডোমার রেলস্টেশন থেকে পাঁচটি আন্তঃনগর ট্রেন ও একটি মেইল ট্রেন চলাচল করে। কিন্তু স্টেশনের কাউন্টারে টিকিটের জন্য গেলে টিকিট পাওয়া যায় না। ফলে দুর্ভোগ ও হয়রানির শিকার শিকার হচ্ছেন যাত্রীরা। অথচ কালোবাজারিদের কাছ থেকে চড়া মূল্যে টিকিট পাওয়া যায়। রেলস্টেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে তা চড়া দামে বিক্রি করে থাকে। কাউন্টারে গেলে টিকিট নেই, এটা আমরা শুনতে চাই না। যাত্রীরা যাতে সহজে টিকিট পান তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে স্টেশন মাষ্টার মো. রানার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।
