আইনমন্ত্রী বললেন

বিচারকদের দায়িত্ব হয়রানিমূলক মামলা কমিয়ে আনা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৫:২৬ এএম

হয়রানিমূলক মামলা কমিয়ে কীভাবে বিচারিকসেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখা বিচারকদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আপনারা প্রতিটি মামলা দ্রুত নিষ্পত্তি ও বিচারপ্রার্থী জনগণের দর্ভোগ লাঘবের জন্য স্বীয় মেধা, মনন ও কৌশল প্রয়োগ করবেন।’

গতকাল শনিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের সব সূচকে এগিয়ে যাচ্ছে; বিচার বিভাগও এ উন্নয়নের অংশীদার।

নারী বিচারকদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘একজন বিচারক যখন মামলা পরিচালনা করেন তখন তিনি নারী বা পুরুষ থাকেন না, তখন তিনি বিচারকই থাকেন। তাই শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় নারী-পুরুষের কথা চিন্তা না করে একসঙ্গে কাজ করতে হবে।’

এদিকে বিচার বিভাগের অসৎ কর্মকর্তাদের বিষয়ে কোনো আপস হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সঙ্গে বিচারপ্রার্থীদের মামলার কার্যক্রম থেকে দ্রুত মুক্তি দেওয়া জাতির জন্য ভালো বলে মন্তব্য করেছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর খোঁজখবর নিয়েছি। বিচার বিভাগের বেশিরভাগ বিচারক-কর্মকর্তাই সৎ। তবে হাতেগোনা কয়েকজন অসৎ কর্মকতা রয়েছেন। তাদের কারণে যদি জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের শনাক্ত করব। তাদের বিষয়ে কোনো আপস হবে না। আর যারা ভালো করবেন তাদের জন্য পুরস্কার থাকবে।’ 

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিচারক হোসনে আরা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, এম ইনায়েতুর রহিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত