ইমরানের সমর্থনে আকরাম জানালেন, ‘খেলা এখনো শেষ হয়নি’

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম

১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন ওয়াসিম আকরাম। সেবার প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় পাকিস্তান।

খেলোয়াড়ি জীবন শেষে দেশের হাল ধরেন ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের ক্ষমতায় আসেন তিনি। কিন্তু বর্তমানে বেশ দুঃসময়ের মধ্যে যেতে হচ্ছে ’৯২-এর নায়ককে।

প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান পূর্ণ মেয়াদ শেষ করতে পারছেন না। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে দেশটির জাতীয় সংসদে ভোটাভুটির দাবি তুলেছিলেন বিরোধীরা। কিন্তু সেই অনাস্থা-প্রস্তাব বাতিল করে দেন দেশটির জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।

এর পরেই প্রেসিডেন্টের কাছে জাতীয় সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ইমরান খান। তার প্রস্তাব মতো সংসদ ভেঙেও দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ফলে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানও পূর্ণ মেয়াদ শেষ করতে পারছেন না।

রবিবার ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন দেশটির জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান। এই প্রস্তাবকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলেও আখ্যায়িত করেন তিনি।

পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোনো প্রধানমন্ত্রী নিজেদের ক্ষমতার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে পারেননি। কখনো খুন হয়ে, আবার কখনো বিরোধী দলের অনাস্থার মুখে পড়ে ক্ষমতা ছাড়তে হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীদের।

এমন দুঃসময়ে সাবেক সতীর্থকে কাছে পেলেন ইমরান খান। তাকে এখনো নেতা মানেন ওয়াসিম আকরাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের পাশে থাকার কথা জানালেন কিংবদন্তি পেসার।

শনিবার নিজের ফেসবুক পেজে ইমরান খানের একটি ছবি পোস্ট করে ওয়াসিম আকরান লেখেন, ‘তার জন্ম হয়েছে নেতৃত্ব, লড়াই ও জয়ের জন্য। নিজের জন্য নয় বরং যা কিছু প্রতিনিধিত্ব করছেন তার জন্য। এটা সেই অবস্থান বা ক্ষমতা বা নাম নয় যার জন্য তিনি লড়াই করছেন। এটা তার নিয়তি! আর খেলা এখনো শেষ হয়নি!’

এরপর হ্যাশট্যাগ দিয়ে ওয়াসিম আকরাম লেখেন, ‘ইমরান খানের পাশে আছি। হাল ছাড়বেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত