টিপ পরায় ঢাকার রাস্তায় গতকাল শনিবার হয়রানির শিকার হয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ বিষয়ে গতকাল শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
শিক্ষক লতা সমাদ্দারকে গালিগালাজ ও নির্যাতনকারী পুলিশ সদস্যের বিচার ও সাজা দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
রবিবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা তেজগাঁও সরকারি কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার টিপ পরায় পুলিশ বাহিনীর এক সদস্য অশ্লীল গালিগালাজ ও তার পায়ের ওপর বাইক চালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ছাড়া দায়ী পুলিশ সদস্যের গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং অবিলম্বে পুলিশ বাহিনী থেকে বহিস্কারের দাবিও জানিয়েছেন।
জাসদ নেতারা বলেন, ইদানিংকালে প্রশাসন ও পুলিশের কিছু সদস্য কর্তৃক তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা বাদ দিয়ে নাগরিকদের বিশেষ করে নারীদের পোশাক, চলাফেরাসহ অভিরুচি, ব্যক্তিস্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটছে।
অপর দিকে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে কপালে টিপ পরায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে গালিগালাজকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
পুলিশি নির্যাতনের শিকার হয়ে সাহসী প্রতিবাদ করা এবং আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ়তা দেখানোর জন্য ড. লতা সমাদ্দারকে সাধুবাদ জানান তিনি। তিনি বলেন, লতা সমাদ্দারের পাশে জাতীয় নারী জোট থাকবে।
